গাজীপুরের টঙ্গীতে এবার মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
তিনি টঙ্গী চেরাগ আলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাসিন্দা।
আটকের পর ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর তাকে গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
অভিযোগে বাদী শিশু শিক্ষার্থীর মা উল্লেখ করেন, মিফতাহুল মাদ্রাসার শিক্ষার্থীকে বুধবার (৪ নভেম্বর) বিকেলে শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। বৃহস্পিতবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুর মা নাঈমকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এ সময় সে তার মাকে ঘটনাটি জানায়। এরপর শিশুর মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, “আটকের পর ওই শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীর মায়ের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে নিয়ে শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”



