Monday, November 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই মন্তব্য করেন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টিকে স্রেফ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

চিফ প্রসিকিউটর স্পষ্ট ভাষায় বলেন, “এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক (তিনি ফিরে আসবেন না)।” এ বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চব্বিশের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা থেকে আইনজীবীর মাধ্যমে নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।

দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিই এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ বলে উল্লেখ করেছে রয়টার্স। এর আগে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। তবে ভারত থেকে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

বর্তমানে বাংলাদেশে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির শীর্ষ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে কিংবা অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন, আর বাকিরা রয়েছেন কারাগারে। আওয়ামী লীগের নেতাদের বরা୍ত দিয়ে রয়টার্স জানিয়েছে, আইনি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। এমন এক পরিস্থিতিতে তার পাসপোর্ট ও এনআইডি আবেদনের খবর নতুন করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

   

About

Popular Links

x