Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে অ্যাডভোকেট জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 

জানা গেছে, গত বছরের ২০ জুন সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিস্ফোরক ও সহিংসতা মামলায় নওগাঁ কারাগারে আটক ছিলেন তিনি। মঙ্গলবার সকালের দিকে নওগাঁ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। 

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, ‘‘জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দি ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং পথেই তিনি মারা যান।’’ 

তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পূর্ণ করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x