Saturday, October 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

উদ্ধারের পর দেখা যায় তার দু’টি চোখ ও একটি কান মারাত্মক ক্ষতিগ্রস্ত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইউনুস আল মুর্শেদ কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । 

পারিবারিক সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন।

প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাকে খুঁজতে যান। পরে রাতে সেখানে নদীতে তার ভাসমান লাশ দেখতে পান। তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও নানা প্রশ্ন। 

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তাছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, “মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুক সমান পানিতে ডুবে তার কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।”

পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় কাণ্ঠালিয়া গ্রামে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

   

About

Popular Links

x