Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বায়তুল মোকাররম থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সেই ১৪ জন রিমান্ডে

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ডের এই আদেশ দেন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হয়ে মিছিলের চেষ্টা, রাষ্ট্রবিরোধী স্লোগান, নাশকতার পরিকল্পনা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এই আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মমিন হাওলাদার, মো. জিহাদ, রসুলপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মহিউদ্দিন এবং যুবলীগ কর্মী মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান, সানি ও নাজমুল হাসান হৃদয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় পুরানা পল্টনের বায়তুল মোকাররম সংলগ্ন আজাদ প্রডাক্টস গলির মুখে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী অবৈধভাবে সমবেত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক স্লোগান দেন এবং নাশকতার পরিকল্পনা করেন। খবর পেয়ে পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় চার কিশোরসহ মোট ১৯ জনকে আটক করে।

পরদিন তাদের আদালতে হাজির করা হলে আদালত চার কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন এবং অপর আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবার শুনানি শেষে আদালত ১৪ আসামির প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলায় গ্রেপ্তার হওয়া মো. আপন নামের অপর এক আসামিকে আদালতে হাজির না করায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন পুলিশ।

   

About

Popular Links

x