Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়ার ফ্লাইট চালু বুধবার?

চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের অন্তত ২২ হাজার ২৪১ জন যাত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার কারণে সাময়িক বন্ধ থাকার পর আজ বুধবার থেকে রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

এদিকে সৌদির বিভিন্ন বিমানবন্দরে হুথিদের হামলার জেরে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ঢাকা থেকে দেশটির বিভিন্ন রুটে এ পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের অন্তত ২২ হাজার ২৪১ জন যাত্রী।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট।

নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দাম্মাম ও রিয়াদ রুটে আগামী ৪ নভেম্বর পর্যন্ত এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এসব রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে ইউএস-বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, জরুরি প্রয়োজন বা ভিসাসংক্রান্ত তাগিদ থাকা যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা রুট ব্যবহার করে যাতায়াত করতে পারছেন। একইভাবে বিমানের পক্ষ থেকেও জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩০টি ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নিয়মিত আপডেট জানাবে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

   

About

Popular Links

x