গাজীপুরের টঙ্গী উপজেলার একটি বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদানও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পির টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার বাসিন্দা।
তার ভাষ্য, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরেন তিনি। এরপর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শুক্রবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
“বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও কেমিক্যাল মজুদ থাকার কথা জানতে পারি। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।”
তিনি আরও জানান, “সে ইয়াবা তৈরির জন্য যা যা প্রয়োজন সকল উপাদান মজুদ রেখেছে। একটি ল্যাব, একটি গোপন কক্ষ রয়েছে। সেখানে যাওয়ার মতো পথ নেই, একদম ভেতরে স্থাপন করা হয়েছিল ইয়াবা তৈরির কারখানাটি। প্রাথমিকভাবে স্বীকার করেছে সে ইয়াবা তৈরীর জন্য এসব রাসায়নিক জড়ো করেছে।”



