গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে হাজী মাজার বস্তিতে প্রকাশ্যেই চলছে মাদক কেনাবেচা ও সেবন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান ও উচ্ছেদ কার্যক্রমের পরও বন্ধ হচ্ছে না মাদক কারবার। মসজিদ থেকে মাত্র ২০ মিটার এবং নদীর খেয়াঘাট থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে শত শত মানুষের আনাগোনা। সেখানে গড়ে উঠেছে অস্থায়ী মাদকের আস্তানা। অভিযোগ রয়েছে এলাকার বিভিন্ন অংশ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে এবং সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ, অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই আবারও আগের মতো সক্রিয় হয়ে ওঠে মাদক কারবারিরা। ফলে দীর্ঘদিনের এই মাদক সাম্রাজ্য ভাঙতে শুধু অভিযান নয়, অপরাধীদের নেপথ্যের পৃষ্ঠপোষক ও অর্থের উৎস চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
৬ নভেম্বর (শুক্রবার) সরেজমিন অনুসন্ধানে গিয়ে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন’র সাংবাদিকরা দেখেন, প্রায় পাঁচ একর জায়গাজুড়ে বিস্তৃত হাজী মাজার বস্তিতে আনুমানিক ৩০ হাজার মানুষের বসবাস। টঙ্গী ও তুরাগ নদীপথ দিয়ে সেখানে প্রবেশের সুযোগ রয়েছে। সেখানে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের চিত্র দেখতে পান। বস্তির বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা ও সেবনের দৃশ্য দেখা যায়। এ সময় মাদক কারবারিদের হামলার শিকার হন ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। তাদের একটি নির্জন স্থানে নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল মারধর করে। বস্তির কেন্দ্রস্থলে রয়েছে হজরত সৈয়দ শাহ বোগদাদীর (রহ.) মাজার ও মসজিদ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে মাদক ব্যবসা পরিচালিত হতো। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বস্তির বিভিন্ন প্রবেশ পথে বিএনপি ও অঙ্গসংগঠনের নামে অন্তত পাঁচটি কার্যালয়ের সাইনবোর্ড দেখা গেছে। তবে এসব রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে মাদক ব্যবসার সরাসরি সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
দোকান ও অস্থায়ী ঘরে মাদক কেনাবেচা
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এখানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, পেথিডিন, চরস, আফিম এবং দেশি-বিদেশি মদ পাওয়া যায়। অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবসার অভিযোগও রয়েছে। একটি সরু গলির ঝিলিক টি স্টোর নামের দোকানে পাঁচ যুবককে ইয়াবা ও গাঁজাসদৃশ মাদক সেবন করতে দেখা যায়। সাংবাদিকরা কাছে গেলে দোকানের বাইরে থাকা কয়েকজন নারী তাদের ভেতরে যেতে বাধা দেন এবং সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলেন। ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় ২৬ ও ২৭ নম্বর টয়লেট ভবনের পেছনে কাপড় দিয়ে তৈরি ৩০ থেকে ৪০টি অস্থায়ী ঘর দেখা যায়। স্থানীয়দের অভিযোগ এসব ঘর মাদকসেবীদের কাছে ভাড়ায় দেওয়া হয়। দুপুরের দিকে ওই এলাকায় প্রায় ২০০ মানুষের উপস্থিতি ছিল। সেখানে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ পাওয়া যায়।
সিসিটিভি ক্যামেরায় নজরদারি, প্রবেশেও বাধা
মাদক কারবারিরা নিজেদের নিরাপত্তায় বস্তির বিভিন্ন প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। অপরিচিত কেউ এলাকায় প্রবেশ করতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো কোনো স্থানে প্রবেশের আগে মোবাইল ফোনে অনুমতি নেওয়ারও নিয়ম রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বারবার অভিযান, তবু বন্ধ হচ্ছে না মাদক কারবার
হাজী মাজার বস্তিতে এর আগেও একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ২২ জুলাই প্রায় ৩০০ চিহ্নিত সন্দেহভাজন মাদক কারবারির কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযানের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এলাকাটিতে প্রকাশ্যে মাদক সেবনের বিষয়টিকে দীর্ঘদিনের বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছিলেন।
গত আগস্টে রাজধানী উন্নয়র কর্তৃপক্ষ (রাজউক) প্রায় তিন বিঘা জমির ওপর থাকা ১০০টির মতো অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানা উচ্ছেদ করে। ৩১ আগস্টও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এছাড়া মে মাস থেকে পরবর্তী কয়েক মাসে পুলিশের অভিযানে মাদক ব্যবসা ও পালানোর কাজে ব্যবহৃত শতাধিক কক্ষ এবং গোপন সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। কোনো কোনো কক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও ছিল। তবে এত অভিযানেও স্থায়ীভাবে মাদক কারবার বন্ধ করা সম্ভব হয়নি।
অন্য এলাকাতেও মাদক কারবারের অভিযোগ
হাজী মাজার বস্তির বাইরেও টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংক মাঠ বস্তি, কেরানির টেক, আমতলী বস্তি, মিলগেট বস্তি, এরশাদনগর, শিলমুন, মরকুন, আরিচপুর, গাজীপুরা, খরতৈল মদিনাপাড়া, পাগাড় ও গোপালপুর এলাকায় মাদক কারবারের বিস্তার ঘটেছে। মাদক বণ্টন ও ছিনতাইয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। গত ২৮ সেপ্টেম্বর ব্যাংক মাঠ বস্তিতে রফিকুল ইসলাম জয় এবং ১ সেপ্টেম্বর গোপালপুরে নুরুল ইসলাম নিহত হন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে মাদক নিয়ে বিরোধের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তসাপেক্ষ।
এ ছাড়া সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। তিনি ওই এলাকায় যাওয়ার পর নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেলেও তার মৃত্যুর সঙ্গে মাদক কারবারি চক্রের কোনো যোগসূত্র নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “সম্প্রতি ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের স্থাপিত সিসিটিভি ক্যামেরা অপসারণ, মাদকের আস্তানা ভেঙে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অভিযানের পর আবারও তারা নজরদারি ব্যবস্থা চালু করেছে।”
তিনি আরও বলেন, “আগের উচ্ছেদ অভিযানের পর মাদক কারবারিরা তুরাগ নদ ও ইজতেমা মাঠ কেন্দ্রিক বিভিন্ন স্থানে মোবাইল পদ্ধতিতে মাদক সরবরাহ শুরু করেছে। পুলিশ অভিযান চালালে তারা কখনও ঢাকা মহানগর পুলিশের আওতাধীন এলাকায় পালিয়ে যায়, আবার কখনও ইজতেমা মাঠের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে।”
জিরো টলারেন্সের ঘোষণা নতুন কমিশনারের
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার আশিক সাঈদ রবিবার দায়িত্ব গ্রহণে করেছেন। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। টঙ্গীর মাজার বস্তিসহ পুরো গাজীপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে খুব শিগগিরই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। এ জন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোও প্রস্তুত রয়েছে।”



টঙ্গীতে মাদক কারবারি চক্রের হাতে জিম্মি ঢাকা ট্রিবিউন’র ৩ সাংবাদিক