Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

অন্যের ঘরে আলো জ্বালাতেন মুমিন, নিজের ঘর অন্ধকার করে নিল ডেঙ্গু

ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

অন্যের ঘরে বিদ্যুতের আলো জ্বালিয়ে জীবিকা নির্বাহ করতেন ফেনীর তরুণ ইলেকট্রিক মিস্ত্রি মুমিন। সেই মুমিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন। তার মৃত্যুতে নিজের ঘরেই নেমে এসেছে অন্ধকার।

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব বাথানিয়া গ্রামের বাসিন্দা মুমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে সোমবার (৯ নভেম্বর) সকালে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার (৮ নভেম্বর) রাতে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে মুমিনকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে বিভিন্ন শারীরিক জটিলতায় তার অবস্থা আরও খারাপ হয়।

মুমিনের মৃত্যুতে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার। তিনি রেখে গেছেন দুই বছর বয়সী এক সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে। যে সন্তান এখনো পৃথিবীতে আসেনি, সে বাবার মুখ দেখার আগেই পিতৃহারা হলো। উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তার স্ত্রী ও দুই সন্তান।

প্রতিবেশী শফিকুল ইসলাম মামুন জানান, মুমিনের চিকিৎসার জন্য স্থানীয়দের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করা হয়েছিল। অনেকেই আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পুরো পূর্ব বাথানিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

   

About

Popular Links

x