রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় পুলিশের চেকপোস্টে ককটেল নিক্ষেপের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের চেকপোস্টে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।



