বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় কলাবোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যানের গতিরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। চালকের অভিযোগ, আগুন দেওয়ার সময় একদল যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিচ্ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। এরপর তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে।
পিকআপের চালক বলেন, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে টায়ারে আগুন ধরিয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।“



