ঢাকার সাভারে থানা সংলগ্ন একটি স্কুলের গেটের সামনে থেকে ব্যাগে রাখা ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সাভার মডেল থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, একটি সাদা শপিং ব্যাগের ভেতরে লাল স্কচটেপ মোড়ানো অবস্থায় বস্তুগুলো পাওয়া যায়। তবে ব্যাগটি এখনো খোলা হয়নি, তাই ভেতরে ঠিক কতটি বস্তু আছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে স্কুলের সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়েছে।“ তার ধারণা, ব্যাগের ভেতরে এমন দুই থেকে তিনটি বস্তু থাকতে পারে। বিষয়টি জানানো হয়েছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে, তারা এলে ব্যাগটি খুলে পরীক্ষা করা হবে।



