Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্ত

কুষ্টিয়া মডেল থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত ১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ওই কিশোরকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। তবে সে ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে ওই কিশোরের পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী, বড় ভাই থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। প্রতিবেশীরা জানান, সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করায় একাধিকবার বিদ্যালয় বদলাতে হয়েছে তাকে। এলাকায় তাকে খুব একটা দেখা যেত না, স্থানীয়দের সঙ্গেও মেলামেশা ছিল না। ছুরিকাঘাতের ঘটনায় তার নাম আসায় প্রতিবেশীরা বিস্ময় প্রকাশ করেছেন।

এর আগে সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা ওই কিশোর এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। সে বর্তমানে চিকিৎসাধীন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল ওই কিশোর। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে তাকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় সে ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ।

   

About

Popular Links

x