Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ে আহত ২ যাত্রী

সালদানদী ও মন্দবাগ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়ে গেছে। এতে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ট্রেনের “ড” বগির দরজাটি খুলে পড়ায় সেটি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। রেললাইন বা আশপাশে দরজা পড়ে গিয়ে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে দরজাটি উদ্ধার করা হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) জানান, সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে সেটি সরানোর চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে পড়ে। এতে দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান।

বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, “চলন্ত অবস্থায় শব্দ শুনে আমি উঠে দেখি একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।“

এদিকে চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও বগির দরজার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রেনটি যথাসময়ে ঢাকায় পৌঁছেছে।

   

About

Popular Links

x