Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতির পদত্যাগ, অবরোধ প্রত্যাহারের ঘোষণা

‘সাজেকের চলমান অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে’ 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির সভাপতি পদ থেকে পদত্যাগ এবং সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দেওয়া এক লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন। 

বক্তব্যে তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধের ফলে বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।’’  

নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধ কর্মসূচির পেছনে ইউপিডিএফের উসকানি ও প্ররোচনা রয়েছে। সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নিতে চাপ দেওয়া এবং ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। 

দীর্ঘদিন ইউপিডিএফের নিয়ন্ত্রণে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘‘সংগঠনটির দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো।’’ 

তিনি আরও অভিযোগ করেন, ‘‘সাজেক কার্বারী সমিতি ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠনের পেছনে ইউপিডিএফের ভূমিকা রয়েছে।’’ সাজেক কার্বারী সমিতি গঠন ও পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। 

লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা বলেন, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করা তার দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ায় তিনি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। 

তিনি ঘোষণা দেন, সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন, সংগঠনটির কমিটি বিলুপ্ত করছেন এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহার করে নিচ্ছেন। 

 বক্তব্যের শেষে তিনি আরও জানান, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সাজেকের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। 

   

About

Popular Links

x