প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রেলপথ ও সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয় আন্দোলনকারীরা। এর ফলে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এবং ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
রবিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধকারীরা রাস্তা ও রেলপথ ছেড়ে চলে যান বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম।
এর আগে সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। ‘বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সদর উপজেলার কোড্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে এই অবরোধ করা হয়।
সকাল থেকে অবরোধের কারণে ঢাকাগামী ও ঢাকামুখী বিভিন্ন ট্রেন ও যানবাহন আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা ঘটনাস্থলে উপস্থিত হন।
নেতৃবৃন্দ আগামী তিন দিনের মধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে এ দাবির বিষয়টি যৌক্তিকভাবে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, অবরোধ প্রত্যাহারের পর রেলপথে আটকে থাকা সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন দুটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আন্দোলনকারীদের পক্ষে বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, "আমরা নতুন কোনো প্রশাসনিক পুনর্বিন্যাসে যুক্ত হতে চাই না। আমরা আমাদের পূর্বের সদর উপজেলাতেই বহাল থাকতে চাই।"
বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন জানান, প্রস্তাবিত নতুন এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে অতিরিক্ত সময় ও আর্থিক ব্যয় বাড়বে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, "আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। এটি তাদের আবেগের এবং জনস্বার্থের একটি বিষয়। আমরা সংশ্লিষ্টদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আন্তরিক চেষ্টা করব।"



