রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বুলবুল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্ট হাউস আবাসিক-২-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়, বুলবুলের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। সোমবার বিকেল ৩টা থেকে তার কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হোটেলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বুলবুল একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে রাজশাহী শহরে এলে মাঝেমধ্যে ওই হোটেলে থাকতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।



