Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

কুষ্টিয়ায় বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর ওই কিশোর ও তার মা বাসা ছেড়ে চলে যান। সোমবার রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।

প্রতিবেশীরা জানান, ওই কিশোর একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করে সে। এলাকায় তাকে খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশাও ছিল না।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় ওই কিশোরী। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা এক ছেলে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। 

অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই বিভিন্নভাবে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল ছেলেটি। দীর্ঘদিনের এই উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে তাকে ছুরিকাঘাত করে। 

   

About

Popular Links

x