Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

গতবারের চেয়ে এবার আরও ৫ হাজার বাংলাদেশি পাচ্ছেন হজের সুযোগ

সোমবার সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএম

সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩,৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫,০০০ হজযাত্রীর কোটা বাড়িয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে হজের কোটা আরও ৫,০০০ বাড়িয়েছেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা দাঁড়িয়েছে ৮৩,৫০০ জনে।

ধর্মমন্ত্রী আরও জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এসেছে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।”

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী।

একইসঙ্গে হজের কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজ পালন করেন।

   

About

Popular Links

x