Tuesday, November 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে চার দিনের ব্যবধানে ৪ বাসে আগুন

বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। 

বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত একটার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক মো. লালন। 

এর আগে, গত রবিবার ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। আফাজ উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

অন্যদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। 

পরদিন, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছিল।

এ নিয়ে ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের বুঝিয়েছি, বলেছি, যাতে তারা বাস নিরাপদে রাখেন। বাসের সঙ্গে পাহারাদার বা নজরের মধ্যে রাখেন। এরপরও  আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।”

“এই আগুনের ঘটনা রাজনৈতিক নাকি ব্যক্তিগত বিরোধে বা আসলেই কি ঘটনা বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তদন্ত করা হচ্ছে।” 

তিনি আরও বলেন, “তিনটি ঘটনার মধ্যে একটি বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করছি। আশা করছি, বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।”

   

About

Popular Links

x