নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছায় মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে ঢুকছেন। এরপর গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দীর্ঘস্থায়ী না হওয়ায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।“
তিনি জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওর সূত্র ধরে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৪ অক্টোবর সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকের মৌগাতি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়।



