রাজধানীর শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন কীভাবে লেগেছে, তা তদন্তের পর বলা যাবে।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, “ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“



