Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু 

খনির ভূ-গর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সিং সিয়াওজুন খনির ভেনটিলেটর সাইডে কর্মরত ছিলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুই স্থানীয় সহকর্মীকে সঙ্গে নিয়ে ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান সিং সিয়াওজুন। একপর্যায়ে তিনি সহকর্মীদের অন্য স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। এরপর ওই স্থানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 

কোম্পানির মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হওয়ার পরও সিং সিয়াওজুন ভূ-গর্ভ থেকে ফিরে না আসায় তার সহকর্মীরা সারফেস কন্ট্রোল রুমে বিষয়টি জানান। পরে খনির উদ্ধারকারী দল (রেসকিউ টিম) অনুসন্ধান চালিয়ে ১৩০৫ নম্বর ফেইজের সিল ওয়ালের পাশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে খনির ভূ-গর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন খনি শ্রমিক। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি খনি কর্তৃপক্ষ। 

মরদেহ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের নিজস্ব দপ্তর এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কনসোর্টিয়াম তাদের নিজস্ব প্রক্রিয়া অনুযায়ী মরদেহের সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 

   

About

Popular Links

x