সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া আইফোনটির ‘খুব কাছাকাছি’ গিয়েও উদ্ধার করতে না পেরে হতাশা প্রকাশ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে ফোনটি উদ্ধারের বিষয়ে এখনো আশাবাদী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, বুধবার সন্ধ্যায় গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। তিনি বলেন, “মিরপুরে স্যারের মোবাইলের খুব কাছাকাছি, মাত্র ২২০ মিটার দূরে আমরা ছিলাম, উদ্ধারের চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য ও ভুল বোঝাবুঝির (মিস কমিউনিকেশন) কারণে এর মধ্যেই আসিফ নজরুল স্যার নতুন একটি সিম তুলে ফেলায় আগের সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া মোবাইলটির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।” তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির দিক থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ এলাকায় আসিফ নজরুলের ফোনটি ছিনতাই হয়। গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি ছায়া তদন্ত শুরু করেছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনাস্থলের আশপাশে স্পষ্ট কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ফোনটি উদ্ধারে আমরা কাজ করছি। কিছু সিসিটিভি ভিডিও পাওয়া গেলেও তা অস্পষ্ট।”
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ফোনটি আইফোন হওয়ায় এবং বর্তমানে ছিনতাইকারীরা দ্রুত ফোনের যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলায় এটি উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। তবে ডিবি, থানা পুলিশ ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনটি উদ্ধারের ব্যাপারে আশাবাদী।
ছিনতাইয়ের ঘটনার পর আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যে এক তরুণ ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। নিজের নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের ওপর খুব বিরক্ত হয়ে আছি।”
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আইফোন ছিনতাই হয়েছিল। সে সময় সিসিটিভি ফুটেজ না থাকায় তাৎক্ষণিকভাবে ফোনটি উদ্ধার করা সম্ভব না হলেও প্রায় দেড় মাস পর অন্য একটি ছিনতাই মামলার তদন্তে পুলিশ ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল।



