Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলিং ফ্যান কিনতে গিয়ে প্রতারণার শিকার, চিকিৎসককে কুপিয়ে টাকা ছিনতাই

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

কম দামে সিলিং ফ্যান কেনার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ১০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

আহত ওই চিকিৎসকের নাম সাইফুল ইসলাম (৫০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার শেখ ইকরাম উদ্দিনের ছেলে।

সাইফুল জানান, একটি প্রতারক চক্র তাকে জানায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সিলিং ফ্যান তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে কম দামে ফ্যান কেনার সুযোগ আছে। এ প্রলোভনে পড়ে তিনি বাগেরহাট থেকে মোটরসাইকেলে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। পথে আলী ও মহাসীন নামের দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে নিয়ে আসেন। তবে হামলার পর তাদের আর খুঁজে পাননি তিনি। কম দামে ফ্যান কেনার কথা বলে তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে বলে জানান সাইফুল।

স্থানীয় সূত্রে জানা যায়, গুটুদিয়া ওয়াপদার মাথা থেকে শলুয়া সড়কে প্রবেশের পর প্রায় এক কিলোমিটার দূরে পাটকেলপোতা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। দুর্বৃত্তরা তার গলা ও নাকে আঘাত করে সঙ্গে থাকা ১০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে গুটুদিয়া গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলী রাস্তার পাশে সাইফুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি দ্রুত তাকে ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

   

About

Popular Links

x