রাজধানীতে আজ সকাল ৬টার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল বজ্রপাত, ঝড়ো হাওয়া। দুপুরের মধ্যে আবারও বৃষ্টি এবং একইসঙ্গে দিনের তামপাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা বেড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অন্যদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।



