পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এসময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় তাদের বলেও অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে। পরে অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সরে পড়ে তারা।
আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আব্দুল ওহাব। তার চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মচারী ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় কার্যালয়টি।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশ গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



