Friday, November 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দফায় দফায় আহত হন ৬ জন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সীবাড়ির বাসিন্দা।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তিনি। একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, খেলাধুলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বিকেলে ওই ব্যক্তিকে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে নিহতের মরদেহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

   

About

Popular Links

x