Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাউফলে মানুষের হাত-পা উদ্ধার, অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। দেহের বাকি অংশের খোঁজ চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর দিকের সড়কের পাশে একটি কাটা হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন বাম হাতটি উদ্ধার করে। এর কিছুটা দূরে বস্তায় বাঁধা অবস্থায় পাওয়া যায় দুটি পা। কারা, কীভাবে এগুলো সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেহের বাকি অংশ খুঁজছে পুলিশ।

ওসি সিরাজুল ইসলাম জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথা ও হাত-পা বিহীন লাশ উদ্ধার করা হয়েছে। বাউফলের এই ঘটনার সঙ্গে সেটির কোনো যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x