Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

কালীগঞ্জের মাহফিল বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি বলেন, সংসদ সদস্যদের অনুমতি কি?

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। 

অনুমতি না মিললেও মাহফিলের মঞ্চ তৈরির কাজ চলছে। বিকেলে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে সচেতন নাগরিক সমাজ। 

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। মাহফিলের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ওই আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান ফারুকী বলেন, “এমপি সাহেব সার্বিক দায়িত্ব নিয়ে করাচ্ছেন। আমি শুধু স্পন্সর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন (জামায়াতে ইসলামী) করছে। শুক্রবার কোরআন মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, “আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখা হবে।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।”

এ ব্যাপারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক বলেন, “শুক্রবার বিকেলে আমির হামজার ওয়াজ মাহফিল রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল এই মাহফিলটি বাধাগ্রস্থ ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।”

এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সংসদ সদস্যদের অনুমতি কি? দুইজন সংসদ সদস্য একসঙ্গে থাকবেন, এখানে পুলিশ প্রশাসন প্রটোকল দিবে।”

   

About

Popular Links

x