Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি পুলিশ

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুসরাতের বাড়িতে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে। 

বিবিসির প্রতিবেদককে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান এমপি নুসরাতের বাড়িতে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি। 

তিনি বলেন, ‘‘রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান।’’ 

পরে খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল বলে জানান দৌলতপুর থানার ওসি। 

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি। 

বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।” 

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী স/ন্ত্রাসীরা।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘‘এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি। তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।’’ 

তিনি আরও বলেন, ‘‘আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।’’ 

ওসি মোহাম্মদ খালেদুর রহমান আরও জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি।

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে আটটির মতো কক্ষ রয়েছে। বাড়ির ঘরগুলোতে পুরোনো আসবাবপত্র, গবাদিপশু ও পশুখাদ্য রাখা হতো। খড়কুটো থেকে শুরু করে বিভিন্ন দাহ্য জিনিসপত্র থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েছে চারদিকে। 

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুনে পুড়ে দুইটি ছাগল মারা গেছে বলে জানান তিনি। 

তবে অন্য গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়েছে। এছাড়া, বাড়িতে থাকা তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। 

   

About

Popular Links

x