Thursday, November 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে ক্লিনিক ভাঙচুর ও টাকা-স্বর্ণ লুটের অভিযোগ 

‘হামলাকারীরা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পরে ক্লিনিকের নার্স, আয়া-কর্মচারীরা এগিয়ে এলে তাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয়’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বেসরকারি ক্লিনিকে ঢুকে মালিকসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। 

এ সময় ক্লিনিকে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন লুট এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করারও অভিযোগ উঠেছে। 

বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মুরগিহাটা মোড় এলাকায় অবস্থিত আনসার আলী প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ক্লিনিকের স্বত্বাধিকারী আলমগীর হোসেন (৪০), পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক (২২) এবং ক্লিনিকের ম্যানেজার মাহাবুর রহমান (৩৩)। তাদের মাথায় গুরুতর আঘাতের কারণে আলমগীরের দুটি, তৌফিকের চারটি ও মাহাবুরের তিনটি সেলাই দিতে হয়েছে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। 

আলমগীর হোসেনের থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে মুরগিহাটা মোড়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। এ সময় ক্লিনিক মালিক নিজে সেখানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পর নাজিম উদ্দিনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়। 

অভিযোগে নাজিম উদ্দিন, হুসাইন ও বিল্লালসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

আলমগীর হোসেনের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তৌফিককে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এবং ম্যানেজার মাহাবুরকে রামদা দিয়ে মাথায় আঘাত করা হয়। এ ছাড়া অন্যরা লোহার রড দিয়ে তাদের মারধর করে। তাদের চিৎকারে ক্লিনিকের নার্স, আয়া ও অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে তাদেরও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ক্লিনিকের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে নারী, শিশু, বৃদ্ধ ও চিকিৎসাধীন রোগীদের সামনে আতঙ্ক সৃষ্টি করে এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে। এ সময় ক্লিনিকের  ভাঙচুর চালানো হয়। ক্যাশ থেকে আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা এবং এক নার্সের গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার হয়েছে। 

অভিযোগে উল্লেখিত আসামি বিল্লাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘‘কোনো ধরনের অস্ত্র ব্যবহারের প্রশ্নই ওঠে না। ঘটনার বেশ কিছু সময় পর আমি সেখানে যাই। শুনেছি তারা প্রথমে ইট দিয়ে আঘাত করে, এ সময় আত্মরক্ষার্থে হয়তো তাদের সামান্য লাগতে পারে। আমাদেরও কয়েকজন আহত হয়েছে।’’ 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, ‘‘আহত তিনজন থানায় এসেছিলেন। তারা এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ 

 

   

About

Popular Links

x