ঢাকার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জিরাবো পুকুরপাড় এলাকায় তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় বহিরাগত আন্দোলনকারীরা জোর করে ছুটি ঘোষণার চাপ সৃষ্টি করেন।
এ সময় কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় বহিরাগত আন্দোলনকারীরা তাহারাত কম্পোজিট লিমিটেডের কর্তৃপক্ষকে জোর করে কারখানা ছুটি ঘোষণার জন্য চাপ দেন। একপর্যায়ে তারা কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কারখানাটির কোয়ালিটি বিভাগের জুনিয়র কিউআই মো. সজিব হাসান মাথায় আঘাত পান। পরে তাকে স্থানীয় সিটি হাসপাতালে নেওয়া হয়।
এদিকে কারখানার সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “আগামীকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ দুপুরে খাবারের বিরতির পর শ্রমিকরা কাজে যোগ দেননি। এ কারণে সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। সকাল থেকে বিকেল পর্যন্ত সব মিলিয়ে শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।”



গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা