চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের প্রায় ১৫ ফুট উঁচুতে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর ধরন রহস্যজনক হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গাছবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম নুরুল আবছার (৩০)। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাগানের ভেতরের একটি গাছে আবছারের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নূর মোহাম্মদ জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি গাছের প্রায় ১৫ ফুট ওপরে হাত বাঁধা অবস্থায় মরদেহ ঝুলতে দেখেন।“
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল খুব কম। তবে সেখানে মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডা বসত। আশপাশে জুয়া খেলার আলামতও পাওয়া গেছে।
পুলিশ জানায়, কৃষিজমি বেষ্টিত এলাকাটিতে যাওয়ার নির্দিষ্ট কোনো রাস্তা নেই; জমির আইল দিয়ে যেতে হয়। এ সুযোগে কিছু লোক সেখানে আড্ডা দিত। তাদের বিরুদ্ধে পুলিশ একাধিকবার অভিযানও চালিয়েছে।
নিহতের বাবা আবদুর রহিম জানান, সকালে আবছার বাড়ি থেকে বের হয়েছিলেন। বিকেলে গাছে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে শনাক্ত করেন। তিনি বলেন, "এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “মাটি থেকে আনুমানিক ১৫ ফুট উঁচুতে গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর ধরন রহস্যজনক হওয়ায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।“
ঘটনাস্থলে গিয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাসিফ ইনসান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আবছারের দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।“



