Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগ, নিট কনসার্নের পরিচালকসহ দুজন পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগে তৈরি পোশাক শিল্পের নিট কনসার্ন গ্রুপের এক পরিচালক ও এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রুপটির পরিচালক মনির হোসেন মোল্লা ও সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিমকে হেফাজতে নেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তারেক আল মেহেদী বলেন, "মন্দির কমিটি ও নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত যে জটিলতা রয়েছে, সে বিষয়ে আমরা কথাবার্তা বলছি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেটা দেখছি। অন্যদিকে মন্দির কমিটির পক্ষ থেকেও ভাঙচুর ও মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ দেওয়া হয়েছে। ওই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কার্যক্রম চলছে।"

লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের গেটের আগের তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। তিনি জানান, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নিট কনসার্ন গ্রুপের লোকজন এ কাজ করেন। এ সময় গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ তাদের লোকজন মন্দিরের ভেতরের সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তারা দলবল নিয়ে চলে যান।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তার দাবি, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হয়নি; কাপড় দিয়ে করা সজ্জা ও প্যান্ডেল অপসারণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের অভিযোগও পুলিশ পেয়েছে। এ বিষয়ে নিট কনসার্নের দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জমি নিয়ে এ বিরোধ নতুন নয়। গত ৪ অক্টোবর নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে মন্দিরের জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। তরুণ লাল বেগী জানান, শেষ মুহূর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর পর ২৬ অক্টোবর জেলা প্রশাসনের কর্মকর্তারা মন্দির কমিটি ও হিন্দু নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানান, জমির সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। মন্দির ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়। গেজেট অনুযায়ী বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের জমি সংরক্ষণের আশ্বাস দেওয়া হয় এবং নিট কনসার্ন গ্রুপকেও সতর্ক করা হয়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মিলের শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭২ সালে লক্ষ্মীনারায়ণ কটন মিলস রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘ সময় লোকসান গোনার পর ২০০০ সালে সরকার কারখানার মালিকানা ৫১০ জন শ্রমিক-কর্মচারীর কাছে হস্তান্তর করে। পরে ২০১২ সালে বিনিয়োগকারী হিসেবে নিট কনসার্ন গ্রুপ কারখানা পরিচালনায় যুক্ত হয়।

অক্টোবরে মন্দির কমিটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে অভিযোগ করে, শুরু থেকেই নিট কনসার্ন গ্রুপ জোর করে মন্দির, পুকুর ও মাঠের জায়গা দখলের চেষ্টা করছে। চিঠিতে দাবি করা হয়, মন্দিরটি বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে নিবন্ধিত হলেও সনাতনীদের প্রবেশ নিষেধ করে এর চারদিকে সীমানা প্রাচীর তোলা হয়েছে। ২০২৩ সালের ১৭ জুন মন্দিরে ভাঙচুরের অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়।

তরুণ লাল বেগী বলেন, “স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন সময় প্রশাসনকে লিখিত জানিয়েও 'আশ্বাসের বাইরে আর কিছু মেলেনি'।“ তার অভিযোগ, আগেও একাধিকবার ভাঙচুর ও শেয়ারহোল্ডারদের বাড়িঘরে হামলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে গ্রুপটির সখ্যের কারণে প্রশাসন তেমন সহযোগিতা করেনি বলেও তিনি দাবি করেন। বাংলাদেশ সনাতন পার্টির মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়েও জানানো হয়েছে বলে তিনি জানান। এ ছাড়া মন্দিরের জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা বৈঠক করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এসব অভিযোগ নিয়ে জানতে নিট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

   

About

Popular Links

x