বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ছয় বছরের বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই, সে-ও চিকিৎসাধীন। দুজনের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের সঞ্চিত টাকাও প্রায় শেষ। এমন পরিস্থিতিতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ড থেকে বেরিয়ে বারান্দায় চলে যায় দুই বছরের ওই শিশু। সেখানে নিরাপত্তার জন্য কোনো গ্রিল না থাকায় নিচে পড়ে প্রাণ হারায় সে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নতুন হাঁটতে শেখা শিশুকে দ্রুত উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত শিশুর বাবা হৃদয় আলী। তাদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার ছয় বছর বয়সী মেয়ে ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবেই তার একটি কিডনি নেই। পেটের সমস্যাও রয়েছে। বাবা ও মেয়ের দুজনের হাতেই লাগানো রয়েছে স্যালাইনের ক্যানুলা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুজনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের জমানো টাকা প্রায় শেষ হয়ে যায়। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডে থাকা শিশু গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। ওই বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি কিছুটা অরক্ষিত ছিল।
দুর্ঘটনার পর শিশুকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের ওপর পড়ে আছে শিশুর নিথর দেহ। তখনও তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুকে একনজর দেখতে সেখানে রোগীর স্বজনদের ভিড় জমে। তাদের সামলাতে ব্যস্ত ছিলেন দুজন আনসার সদস্য।
এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে ভেঙে পড়েন তিনি। পাশেই চিকিৎসাধীন ছিল তার ছয় বছরের মেয়ে। একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে মেয়ের জটিল শারীরিক সমস্যা—এর মধ্যেই পরিবারের ওপর নেমে আসে সন্তান হারানোর শোক।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুকে বাঁচানো যায়নি।”
তিনি আরও জানান, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



