রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে ডেঙ্গুর সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। পরিবারের একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হওয়ার পাশাপাশি পরিস্থিতির অবনতি ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মৃত্যুর পরিসংখ্যানে এই ভয়াবহতার চিত্র উঠে এসেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ২৩ জনের মধ্যে ১০ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা, যা মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া নাটোরে ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী- এই দুই জেলার বাসিন্দা মিলিয়ে মারা গেছেন ১৬ জন, যা মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশ। হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, বর্তমানে হাসপাতালে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি বাড়িতে বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় ৩ হাজার ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০৩ জন। সরকারি হিসাবে জেলায় ১৫ জনের মৃত্যু হলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা আরও বেশি।
আইইডিসিআরের জরিপে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫০টি বাড়ি পরীক্ষা করে ৫৪টিতে বা প্রতি তিনটির একটির বেশি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার কারণে ২৫০ শয্যার জেলা হাসপাতালেও রোগীর অতিরিক্ত চাপে মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। পরিবারে একাধিক সদস্যের একসঙ্গে আক্রান্ত হওয়ার খবর মিলছে প্রতিনিয়ত।
রাজশাহী নগরীতেও এডিস মশার বিস্তার চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নগরীর বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ব্রেটো সূচক ২০-এর বেশি হলে উচ্চঝুঁকিপূর্ণ ধরা হলেও রাজশাহীতে এই সূচক পাওয়া গেছে ৬১ দশমিক ৩৩।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন বিশেষ কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জানিয়েছেন, পৌর এলাকায় ডেঙ্গু মোকাবিলায় আটটি বিশেষ দল গঠন করা হয়েছে, যারা লার্ভা নিধন ও জনসচেতনতায় কাজ করছে। পাশাপাশি মসজিদের ইমামদের মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় নগরবাসীর নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।



