রাজশাহীতে রাতভর রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। তানোর উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে, নগরীর মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একতলা ভবনের একটি দোকানঘরে স্থাপিত কার্যালয়টির আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছেন। কলমা ইউনিয়নে তাদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে।’’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘‘শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’’
এদিকে সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে নগরের অভয়ের মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। পরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী জেলা শাখার নেতাকর্মীরা নিজেদের ফেসবুক পেজে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন।
শাহমখদুম থানার ওসি আকবর আলী বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
অন্যদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরের চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ থেকে ১২ জন নেতাকর্মী।
একই রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় সড়কে দুটি হাতবোমা বা ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘‘সড়কের ওপর দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’



