জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতে ছাত্রলীগ কর্মীদের ১০-১২ জনের একটি দল ফটকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে জানা যায়, ১০ নভেম্বরের ‘সর্বাত্মক অবরোধ’ এর অংশ হিসেবে তাদের এ কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম বলেন, “গভীর রাতে ওই ব্যক্তিরা ফটকে তালা লাগানোর সময় নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। কাছাকাছি পুলিশ টহলে থাকলেও এক মিনিটের মধ্যেই তারা ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।”
এদিকে, তালা লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ১০ নভেম্বরের দেশব্যাপী ছাত্র ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘরে থাকার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে শিক্ষা অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।



