সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিজেই বাংলাদেশে ফিরে আসতে চান, তবে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো ধরনের সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তথ্য উপদেষ্টা বলেন, “ব্যাপারটা এমন যে, আমরা চাই উনাকে প্রত্যর্পণ করা হোক। আমরা উনাকে ধরে আনতে চাই, উনাকে ধরে আনাই উচিত।”
সাধারণত প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া বা আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ থাকে উল্লেখ করে তিনি বলেন, “এখন উনি তো নিজেই আসতে চান, তার মানে উনার কোর্টে যাওয়ার দরকার নেই। প্রত্যর্পণ নিয়ে জটিলতার কথা বলা হলেও আমি অন্তত কোনো আইনি জটিলতা দেখি না। ভারত সরকারেরও এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই তো নিজেই আসতে চান। সুতরাং, এখানে লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না।”
শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা নিজে সরাসরি কোনো আবেদন করেননি। এটি আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কৌশল বা স্ট্যান্ডবাজি হতে পারে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইমেইল করে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছে। তবে দিল্লি হাই কমিশনের বক্তব্য অনুযায়ী, ওই ইমেইলে শেখ হাসিনার কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনসংক্রান্ত প্রমাণপত্র ছিল না। এমনকি ভারতের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে তিনি দেশটিতে অবস্থান করছেন, যা বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলেও বারবার চেয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে যথাযথ আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিয়ে জাহেদ উর রহমান বলেন, “তিনি একজন কনভিক্টেড (দণ্ডপ্রাপ্ত) আসামি এবং পালিয়ে আছেন। সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, সেই প্রসেসেই পেতে চাই। আমরা শুধু কী করতে চাইছি সেটাই বড় কথা নয়, বরং প্রসেসটা কীভাবে প্রতিপালিত হবে, সেটাই মূল বিষয়।” প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। এর আগে বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল।



