এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বিশ্ব। এমনকি বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ ও ব্যাংকিং ব্যবস্থা। এমন আশঙ্কা প্রকাশ করেছেন আধুনিক এআইয়ের অন্যতম পথিকৃৎ ও ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।
সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী বলেন, “২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালে বড় ধরনের এআই বিপর্যয় ঘটতে পারে।“ তিনি একে “এআই চেরনোবিল” এর মতো পরিস্থিতির আশঙ্কা হিসেবে উল্লেখ করেছেন।
হিন্টনের আশঙ্কা, এআই ব্যবহার করে বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলা চালানো হলে বড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। আবার কোনো এআইজনিত ঘটনায় পুরো আর্থিক ব্যবস্থা প্রায় এক সপ্তাহের জন্য অচল হয়ে পড়তে পারে। এতে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হয়ে সাধারণ মানুষ ও অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বলে তিনি মনে করেন।
এআই প্রযুক্তি দ্রুত উন্নত হওয়ায় এর অপব্যবহারের ঝুঁকিও বাড়ছে বলে বারবার সতর্ক করে আসছেন জিওফ্রে হিন্টন। আধুনিক এআইয়ের ভিত্তি গড়ে দেওয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। সেই থেকে তিনি এআইয়ের নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার।



