খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এর প্রতিবাদে বুধবার (১১ নভেম্বর) খুলনা জেলার সকল উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একইদিন ভোর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবক আটক হয়।
বুধবার (১১ নভেম্বর) মহানগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আটক যুবক শেখপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটর সাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এসময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়।
সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এসময় তার কাছ থেকে বোতল ভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার হয়। খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার বেলা ২টায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন। এসময় তিনি এখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কতা অবলম্বন করার আহবান জানান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে তারা তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



