ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবীতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান।
বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো - কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়।
এম এম নীট ওয়্যার লিমিটিডের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় কারখানায় কর্মরত সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবীতে মঙ্গলবার (১০ই নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর হতে শ্রমিকরা কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও কোন যৌক্তিক কারণ ছাড়া তারা কারখানাতে উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরবর্তীতে শ্রমিকেরা কারখানা বিভিন্ন উপাদন ফ্লোরের শ্রমিকদের নিচে নামিয়ে উশৃংখলভাবে কারখানাতে ভাংচুর করে কারখানা ত্যাগ করে।
নোটিশে আরও উল্লেখ করা হয় একই ধারাবাহিকতায় বুধবার (১১ই নভেম্বর) সকাল হতে শ্রমিকরা অন্যায়ভাবে কর্ম বিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃংখলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এরূপ আচরণ বে-আইনী ধর্মঘটের শামিল।
অব্যাহত শ্রমিক অসন্তোষ এবং সার্বিক নিরাপত্তার কারণে কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে বৃহস্পতিবার (১২ই নভেম্বর) হতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। যা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
এসব বিষয়ে ওই দুটি কারখানার দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”



