পোশাকখাতে অস্থিরতায় সংসদে প্রতিনিধিত্বকারী একটি দলের শ্রমিক সংগঠনও নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সেই দলের নাম বলেননি তিনি।
এছাড়া পোশাকখাতে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ আসছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধি অনুযায়ী দেওয়া বক্তব্যে এসব অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন। তার জবাবে বুধবার বিবৃতি দেন সালাহউদ্দিন আহমদ।
বিবৃতির বক্তব্যে মন্ত্রী সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধেও আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলেন।
তিনি বলেন, “আমরা দেখেছি সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে। এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি নাম ধরে বললে হয়ত অনেকে এখানে প্রীত হবেন না।”
এ সময় সংসদে হইচই শুরু হয়। বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি সংসদীয় রীতিনীতি অনুসরণ করতে চাই। আপনাদের বক্তব্য থাকলে আমার বক্তব্যের পরে ফ্লোর নিয়ে দয়া করে বলবেন।”
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় মেটাতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিচ্ছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাকশিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।”
মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “নির্ধারিত সময়ের পূর্বেই আমরা শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিকবার বৈঠক করে মজুরি বোর্ড গঠন করেছি। সেই মজুরি বোর্ডে কয়েকটি মিটিংও হয়েছে, তারা সবপক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। খুব শিগগিরই।”
এই উদ্যোগ শ্রমিক ও মালিক উভয়পক্ষ মেনে নিয়েছে এবং শ্রমিকরা কাজে ফিরে গেছেন বলেও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।



