“আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।” সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন হৃদয়বিদারক স্ট্যাটাস দেওয়ার মাত্র দুই দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে কাজিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকালে জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপুর সেই শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে দাফনের পরপরই তার কবরের পাশে একটি বেলিফুলের গাছ রোপণ করেছেন স্বজনেরা। অকালমৃত্যুর আগে দেওয়া তার এই স্ট্যাটাস ও কবরের পাশে ফুলগাছ লাগানোর ঘটনাটি এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকের ছায়া ফেলেছে।
নিহত হুসাইন কবির অপু পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাদেরের ছোট ছেলে। শিক্ষাজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেছিলেন তিনি। পরবর্তীতে রাজধানীর নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেরিয়ে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



