মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - মো. রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার মিরপুরের শেওড়াপাড়া থেকে মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।
তবে নিহত দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করা সম্ভব হয়নি।



