রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মনির হোসেন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



