Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-পাবনা রুটে নতুন দুই ট্রেন নিয়ে বিশেষ নির্দেশনা

‎বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে 

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে পাবনা ও ঢাকার মধ্যে নতুন দুটি আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি নিয়মিত চলাচল শুরু করবে। এর আগে ১৯ নভেম্বর বিশেষ উদ্বোধনী ট্রেন পরিচালনা করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে নতুন চালু হতে যাওয়া ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। ১৯ নভেম্বর ট্রেন দুটির উদ্বোধন উপলক্ষে প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে।

নির্দেশনা অনুযায়ী, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ছেড়ে যাবে। পথে ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চালু এবং উদ্বোধনী ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণের পর ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের আসন সংরক্ষণ করতে হবে। 

রেলওয়ের নির্দেশনায় বলা হয়, ভারসাম্য বজায় রাখতে ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন ট্রেন দুটি চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে। এতে পাবনা, ঈশ্বরদী ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে।

   

About

Popular Links

x