Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

দশমীতে কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনা নিয়ে সংঘর্ষ, আহত ৫

কালাই উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

জয়পুরহাটের কালাইয়ে বিজয়া দশমীতে এক কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুবর্ণা রাণী (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ চন্দ্র মালী (৪৫), জয় চন্দ্র মালী (২৫) ও চিচোরন চন্দ্র মালী (৪৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেলে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও প্যানেল চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, বিজয়া দশমীর দিন একই এলাকার দোলন (১৮) নামের এক যুবক ওই কিশোরীর (১৫) সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে চেয়েছিলেন। কিশোরী বিষয়টি পরিবারকে জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে মালিপাড়ায় সালিশ ডাকা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে কিশোরীর পক্ষের তিনজন এবং যুবকের পক্ষের দুজন আহত হন।

অভিযুক্ত দোলন দাবি করেন, তিনি শুধু সিঁদুর দিতে চেয়েছিলেন, দেননি। এ কারণে কিশোরীর বাবা-মা অন্যদের নিয়ে তিনজনের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন। তার অভিযোগ, একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, আরেকজনকে মারধর করা হয়েছে এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

অন্যদিকে কিশোরীর বাবার দাবি, মীমাংসার জন্য সালিশ বসলেও কথা শুরু হওয়ার পর তর্কের একপর্যায়ে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা ভালো নয়। একটু সুস্থ হলেই তারা থানায় মামলা করবেন বলে জানান তিনি।

পুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোরশেদ আলম জানান, সংঘর্ষের পরই তারা বিষয়টি জানতে পারেন। ওসি সাইদুল আলম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x