রাজশাহীর কাটাখালীতে বাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গুদামে মজুত রাখা হয়েছিল মাদক। সেখান থেকে ৩,৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪)। তাদের দুজনের বাড়িই রাজশাহীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে। পুলিশের দাবি, দুজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশ যৌথভাবে এমাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩,২১০ টাকাসহ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মানিক ইসলাম।
পরে আজাদকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে মানিক ইসলামের বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে মেঝের টাইলসের নিচে ড্রাম দিয়ে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন গোডাউন খুঁজে পাওয়া যায়। সেখানে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ৩,৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, মানিক ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় পেনাল কোডের তিনটি এবং মতিহার থানায় একটি অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। অন্যদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।



